মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
আগস্ট ২৭, ২০২৫, ০৭:১১ পিএম
চট্টগ্রাম বন্দরে পৃথক ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া একটায় বন্দরের ১ নম্বর গেটে একটি গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে অনুপ্রবেশের চেষ্টা করার সময় মো. আবুল খায়েরকে আটক করে গেটে দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা।
একই দিনে সকাল সাড়ে ৮টায় বন্দরের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় মো. মাহফুজ নামে আরেকজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বিদেশগামী জাহাজে অবৈধভাবে প্রবেশ করে বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিল।
এছাড়া, বেলা সোয়া দুইটায় জিসিবি ২ নম্বর গেট দিয়ে অন্য একজন মেহেদি হাসান লাবলুকে আটক করা হয়। তিনি অন্য একজনের প্রবেশপাস ব্যবহার করে কাভার্ডভ্যানের গেটপাস সংগ্রহ করে বন্দরে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন।
চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র ওমর ফারুক জানান, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ বন্দরের নিরাপত্তা জোরদার রাখতে নিয়মিত গেট, শেড ও ইয়ার্ডে নজরদারি ও দায়িত্ব পালন করছে। এর ধারাবাহিকতায় ২৭ আগস্ট তিনজনকে অবৈধভাবে বন্দরে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক করা হয়েছে।”
আটককৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইএইচ