মশিউর কাজী, শিবচর
আগস্ট ৩১, ২০২৫, ০৫:২০ পিএম
মাদারীপুরের শিবচরে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে স্পর্শের ফলে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত আবদুল হক মুন্সি, বহেরাতলা উত্তর ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মোতাহার মুন্সির ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১০টার দিকে।
স্থানীয় রিপন মাদবর জানান, আবদুল হক মুন্সি মাঝে মাঝে ভ্যান চালানোর পাশাপাশি অন্যের বাড়ির নারকেল গাছ পরিষ্কারের কাজও করতেন। আজ পাশের বাড়ির নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসকরা জানান, রোগীর মাথায় গুরুতর আঘাত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে আবদুল হক মুন্সি মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ দিলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
ইএইচ