বরগুনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:০২ পিএম
বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-স্বনির্ভর সম্পাদক আসমা আজিজ, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, এজেডএম সালেহ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রেজবুল কবির, হুমায়ূন হাসান শাহীন, কেএম সফিকুজ্জামান মাহফুজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। আজকের দিনটি দেশবাসীর জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একদলীয় ব্যবস্থা কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়। তৎকালীন শাসকগোষ্ঠীর দুঃশাসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও দুর্ভিক্ষ ঘটে। শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন। বিগত ৪৭ বছরে বিএনপি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
প্রধান অতিথি নূরুল ইসলাম মণি বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জয়ী হলে দেশে জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের অবাধ ও সুষ্ঠু সম্পন্ন করার আহ্বান জানান।
ইএইচ