কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬, ১১:৩৭ এএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বরে যাত্রীবাহী বাসের পেছনের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত এবং অপর চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দোলন কান্তি দে সুমন (৫২) বাঁশখালী উপজেলার বৈলছড়ি কেবি বাজার এলাকার সাধন চন্দ্র দের ছেলে। আহত মো. রুবেল (৩০) একই উপজেলার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি সিএনজিচালিত অটোরিকশা বাঁশখালী থেকে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল। এ সময় পটিয়াগামী দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশা দুটি ধাক্কা দিলে সেগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দোলন কান্তি দে সুমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন রুবেল। দুর্ঘটনার সময় অটোরিকশা দুটিতে কোনো যাত্রী ছিলেন না।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এএন