কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬, ১১:৪০ এএম
কোটচাঁদপুরের বড় বামনদহ-রাঙ্গিয়ার পোতা মাঠের মধ্যে রেললাইনের ওপর থেকে বিপুল ঘোষ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে যশোর জিআরপি পুলিশ।
শুক্রবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিনি যশোরের খাজুরা গ্রামের দুলাল ঘোষের ছেলে।
কোটচাঁদপুরের বড় বামনদহ গ্রামের মিজানুর রহমান বলেন, বিকেলে আমাদের এই রেলগেটের দোকান থেকে তিনি একটি কোমল পানীয় কিনে রেললাইন ধরে হাঁটতে থাকেন। এরপর খুলনাগামী রূপসা ট্রেনটি চলে যায়। এর কিছুক্ষণ পর দুর্ঘটনার কথা জানা যায়।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি তাঁর মাথা রেললাইনের এক পাশে আর অন্য পাশে দেহ পড়ে আছে। পাশে পড়ে ছিল তাঁর ভাঙা মোবাইল। এরপর মোবাইল থেকে সিম খুলে তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যায়।
কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার রিপন হোসেন বলেন, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা জানার পর যশোর জিআরপি থানাকে অবহিত করেছি।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, বিষয়টি রেল পুলিশের। ঘটনাস্থলে রেল পুলিশ এসে কাজ শুরু করেছে।
যশোর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মনিতোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
এএন