এম এ রহমান, যশোর
সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:৪৫ পিএম
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন-এর কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হলেও এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। এতে সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০২৫ সালের ৩০ মে কমিটির মেয়াদ শেষ হলেও বর্তমান পরিষদ এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪৫ দিন আগে নির্বাচন ঘোষণা করার কথা থাকলেও তা হয়নি।
সংগঠনের সদস্য মোছা. নাজমা আক্তার (বনি ট্রেডিং কর্পোরেশন) ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তোলেন, “গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন না হওয়ার কারণ কী?”
তিনি উল্লেখ করেন, মেয়াদ উত্তীর্ণের পর ১৫৬ দিন কেটে গেছে এবং আগাম ঘোষণার জন্য যে ৪৫ দিন সময়সীমা নির্ধারিত ছিল তা মিলিয়ে মোট ২০১ দিনের বিলম্ব হয়েছে। বিষয়টিকে তিনি “অনৈতিক ও অবৈধ” বলে অভিহিত করেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা গণমাধ্যমকে জানান, হজ, ঈদ ও সভাপতির অসুস্থতার কারণে নির্বাচন ঘোষণা করা সম্ভব হয়নি। তবে এজিএম করে কমিটির সময় বাড়ানো হয়েছে।
তবে অনেক সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অভিযোগ করেছেন, বর্তমান কার্যকরী কমিটি সদস্যদের সমস্যার সমাধান দিচ্ছে না। সভাপতির অসুস্থতা এবং সাধারণ সম্পাদকের ঢাকায় অবস্থানের কারণে ব্যবসায়ীরা কাস্টমসের জটিলতায় পড়লে কার্যকর সহযোগিতা পান না।
কিছু সদস্য অভিযোগ করেন, বর্তমান পরিষদের অনেক নেতা আওয়ামী লীগের ঘনিষ্ঠ। তাই পদ আঁকড়ে রাখতে নির্বাচন বিলম্ব করা হচ্ছে। একজন সদস্য বলেন, “গঠনতন্ত্র সংশোধনের অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা চলছে।”
সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি কার্যকরভাবে ব্যবসায়ীদের সমস্যা সমাধান করতে পারছে না। তাই দ্রুত নির্বাচন জরুরি।
ব্যবসায়ী আলী কদর (আলী কদর এন্ড সন্স) বলেন, সংগঠনের ঐতিহ্য ও সুনাম বজায় রাখতে যথাসময়ে নির্বাচন প্রয়োজন। দ্রুত তফসিল ঘোষণা করে বিভাজন দূর করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০২৫ সালের ৩০ মে কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু মেয়াদোত্তীর্ণের সাড়ে তিন মাস পার হলেও নতুন নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ইএইচ