মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)
সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৫ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম মাত্র কয়েক মাসের মধ্যেই সততা, দক্ষতা ও জনসেবার মনোভাব দিয়ে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার কর্মপ্রচেষ্টা এবং জনবান্ধব কর্মকাণ্ডে উপজেলায় ফিরে এসেছে প্রশাসনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতিশীলতা।
গত ২০২৪ সালের ১২ নভেম্বর কটিয়াদীতে ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই তিনি উপজেলা প্রশাসনকে ঢেলে সাজাতে কাজ শুরু করেন। সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে ফিরেছে শৃঙ্খলা, কমেছে দুর্নীতি ও জনভোগান্তি।
দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক, ভোক্তা অধিকার লঙ্ঘন, অবৈধ পুকুর খনন, কৃষিজমি নষ্ট, লাইসেন্সবিহীন ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ১০০টিরও বেশি অভিযান পরিচালনা করেন। এতে একাধিক ব্যক্তি কারাদণ্ড ও আর্থিক জরিমানায় দণ্ডিত হন। অনেক অবৈধ স্থাপনা, পার্টি সেন্টার ও কফি হাউস বন্ধ করে দেওয়া হয়।
উপজেলার সরকারি রাস্তা, হাট-বাজার, খাল ও জলাশয় দখলমুক্ত করতে কঠোর অবস্থান নেন ইউএনও। জনপ্রতিনিধি ও প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে সরকারি জমি উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন ইউএনও কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ ও সমস্যা তুলে ধরতে পারেন। তিনি অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা নিয়মিত পরিদর্শন করছেন ইউএনও মাঈদুল ইসলাম। ঝটিকা অভিযানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজ করায় তরুণদের আইডল হিসেবে পরিচিতি পেয়েছেন।
মাদকমুক্ত কটিয়াদী গড়তে উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে নিয়মিত টুর্নামেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগ, মৃত্যু বা দুর্ঘটনার মতো মানবিক পরিস্থিতিতে ইউএনও মাঈদুল ইসলাম নিজেই উপস্থিত হয়ে সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি ও বেসরকারি যেকোনো মিটিং-সেমিনারে গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে মিশে কাজ করেন তিনি।
ইউএনও মাঈদুল ইসলাম বলেন, আমি কটিয়াদী উপজেলাকে একটি আধুনিক, সুশাসনসম্পন্ন জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার। আসুন, আমরা সবাই মিলে একটি উন্নত কটিয়াদী গড়ি।
জেএইচআর