আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া
অক্টোবর ৪, ২০২৫, ০২:২৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মদপান করে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুই ব্যক্তির নাম সৌরভ দাস (২৩) ও শ্রীনিবাস মালাকার (৭৪)। এই ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার মধ্যরাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মির্জাপুর গ্রামে কয়েকজন মিলে মদ পান করেন। এরপর থেকেই তারা অসুস্থবোধ করতে থাকেন। শনিবার ভোরে সৌরভ দাসকে হাসপাতালে নেওয়ার পথে এবং শ্রীনিবাস মালাকার নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়া সৌরভ দাস মির্জাপুর গ্রামের সুধা নাথের ছেলে এবং শ্রীনিবাস মালাকার একই এলাকার উকিল মালাকারের ছেলে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অজিত, সুমন ও পিন্টু নামের আরও তিনজন। তাদের সবার বাড়ি একই এলাকায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদপানে দু'জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
জেএইচআর