মিজানুর রহমান মিজান, লালমনিরহাট
অক্টোবর ৫, ২০২৫, ০৮:২২ পিএম
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার বিকেলে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।
জানা যায়, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় এসআই মো. জুয়েল চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার রাত ১টার দিকে ফুলগাছ মৌজার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাঁচা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার আরে ভাই এলাকার মো. কালাই সিকদারের ছেলে মো. বেল্লাল হোসেন (৪১), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়ালকান্দি এলাকার মো. ইসাহাক মিয়ার ছেলে মো. অশিদ মিয়া (২৭), এবং লালমনিরহাট জেলার গুড়াগুটি এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. সোহাগ ইসলাম (২০)।
এ সময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাটার মেশিন, একটি গামছা, একটি লোহার পাইপ, একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি হাসুয়া, চারটি নাইলনের রশি, একটি আইটেল বাটন ফোন, একটি পুরাতন ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি নীল রঙের ছয় চাকা বিশিষ্ট পুরাতন পিকআপ ভ্যান।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ইএইচ