মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৫, ১১:৪৪ এএম
নেত্রকোণার মোহনগঞ্জে থানা থেকে ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানের ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে পৌরশহরের বসুন্ধরা মোড় দক্ষিণ দৌলতপুরের থানার মোড়ে এই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন। তার দুই ছেলে সন্তান সহ স্ত্রী রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরেই নারায়ণের রক্তাক্ত লাশ পড়ে ছিল। তবে কে বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তা এখনো কেউ বলতে পারছেনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একইসঙ্গে আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হয়।
খুনের রহস্য উদ্ঘাটনের জন্য সন্দেহজনক ভাবে পুলিশ একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়েছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দৈনিক আমার সংবাদকে বলেন, আমাদের সহযোগীয় ময়মনসিংহ থেকে ক্রামসিন টিম এসে লাশের ডিএনএ প্রোফাইল ফিঙ্গারপিন্ট নিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
তবে পৌর শহরের জনবহুল স্থান থানা মোড়ে এমন হত্যাকাণ্ডের ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেএইচআর