এম এ রহমান, যশোর
অক্টোবর ৮, ২০২৫, ০৬:২৪ পিএম
বন্ধ হয়ে গেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পৌরসভার গাজীপুরের জুয়ার আসর। পুলিশের তৎপরতায় জুয়াড়িরা তাদের আসর বন্ধ করতে বাধ্য হয়েছে। স্থানীয় জনতা স্বস্তি প্রকাশ করেছেন।
গত তিন দিনের তুলনায় এলাকায় পুলিশের টহল বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর পুলিশ টহল আরও জোরদার করেছে। ফলে জুয়াড়িরা তাদের জুয়াবাজি বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশের হুমকির কারণে আত্মগোপনে চলে যাচ্ছেন।
সম্প্রতি নওয়াপাড়ার জুয়ার আসর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ দ্রুত তৎপর হয়েছে। অভিযানের মাধ্যমে জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। পুলিশ তাদের বাড়ি বাড়ি খুঁজে বের করে সতর্ক করে দিয়েছে। এতে করে জুয়াড়িরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন।
গত তিন দিনে অভয়নগর থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সনজিৎ কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনো অন্যায় কাজ করতে দেওয়া হবে না। যেখানেই অন্যায় হবে, সেখানে তা প্রতিরোধ করা হবে। অন্যায়কারীদের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। যারা অন্যায় করবে, তাদের আইনের আওতায় আনা হবে।
আইসি সনজিৎ কুমার আরও বলেন, “আমি কোনো অন্যায় করি না এবং কাউকে অন্যায় কাজ করতে দেওয়া হবে না। আইন সকলের জন্য সমান। এলাকার মানুষ আইনের সেবা পাবে। খেলাধুলা, সাহিত্য আড্ডা, সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা থাকবে। কিন্তু মাদক ব্যবসা, জুয়াবাজি, অশ্লীলতা বা সমাজের জন্য ক্ষতিকর কাজ অনুমোদন দেওয়া হবে না।”
আইসির পদক্ষেপের কারণে এলাকার মানুষ খুশি হয়েছেন। তিনি পূজার ছুটি কাটিয়ে এসে গাজীপুর গ্রামের জুয়ার আসর গুড়িয়ে দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে, ভবিষ্যতে গাজীপুর গ্রামে কোনো খারাপ ঘটনা ঘটবে না।
ইএইচ