কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫, ০৪:৫৫ পিএম
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ ও রোড ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের আয়োজনে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও রোড ব্লকেড কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে প্রবীণ সাংবাদিক এহসানুল আলম খসরুর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী করিমুল হক সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন, জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হোসেন বিএসসি প্রমূখ।
এসময় কর্মসূচিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমী বাজার সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ কনটেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, চরহাজারী ইদগাহ যুব ও সামাজিক কল্যাণ পরিষদ, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন, কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটিসহ প্রায় ৩০ টি সংগঠন নোয়াখালী বিভাগ চেয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না। নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
জেএইচআর