মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
অক্টোবর ১৪, ২০২৫, ০৪:২৬ পিএম
হবিগঞ্জে শিবির নেতা মহিবুল রহমান চৌধুরী হত্যা মামলায় একজনকে আমৃত্যু এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (১) বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এই রায় ঘোষণা করেন।
রায়ে জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণা সময় আসামিদের মধ্যে কয়েকজন আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গুলজার খান।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী পুকুরপাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে শিবির নেতা মহিবুল রহমান চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহিবুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলম চৌধুরীকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালে তদন্তকারী কর্মকর্তা ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৭ সালের ১০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে আদালত দোষী প্রমাণিতদের সাজা দেন। মামলার বিচার চলাকালীন সময়ে তিন আসামি মারা যান এবং প্রমাণের অভাবে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট গুলজার খান এবং আসামিপক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।
হত্যাকাণ্ডের পেছনে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে।
মামলার রায়ের পর বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে, তবে আসামিপক্ষ জানিয়েছে তারা এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবে।
ইএইচ