গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
অক্টোবর ২৩, ২০২৫, ০৭:২৪ পিএম
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা ডিবি পুলিশ (পশ্চিম) এর অফিসার ইনচার্জ আরমান আলী সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ (পশ্চিম) এর এসআই অপু ভৌমিকের নেতৃত্বে একটি চৌকস টিম বুধবার গভীর রাতে পূর্বধলা উপজেলার (দূর্গাপুর বিরিশিরি-শ্যামগঞ্জ) সড়কের আতকাপাড়া নামক এলাকার গিরিপথ ফিলিং স্টেশনের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার জন্য অবস্থান নেয়।
অভিযানে ভারতীয় নিষিদ্ধ ৩৬ বোতল মদসহ মনু মিয়া (৫৬) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মনু মিয়া দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মাকরাইল গ্রামের মৃত সরব আলীর ছেলে।
পরে, আটককৃত মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে জামিন না মঞ্জুর করে, জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ইএইচ