আবু হানিফ, সুনামগঞ্জ
নভেম্বর ৬, ২০২৫, ০৫:২২ পিএম
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, দলীয় মনোনয়ন না পেলেও ধানের শীষের স্বার্থেই কাজ করে যাবো। ধানের শীষের রাজনীতি থেকে কখনো সরে যায়নি, ভবিষ্যতেও যাব না।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্থানীয় জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, আমি বিশ্বাস করি, চূড়ান্ত মনোনয়নের সময় দল আমাকে পুনর্বিবেচনা করবে। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো। তবে তার মানে এই নয় যে ধানের শীষের বিপক্ষে যাবো। আমি ধানের শীষের লোক-জীবনে কখনো বাইরে যাইনি, ভবিষ্যতেও যাবো না।
জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার মূল্য আমি রক্ত দিয়ে হলেও শোধ করতে পারবো না। প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত হলেও আপনাদের ভালোবাসা পেয়েছি-এটাই আমার বড় সম্মান। সারাজীবন সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালোবাসা ধরে রাখবো। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু, সদস্য নূরে আলম ফরাজী, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেএইচআর