মো. নূরুল আমিন, খুলনা
নভেম্বর ৭, ২০২৫, ০৮:২২ পিএম
নগরবাসীকে নিয়মিত শারীরিক পরিশ্রমে উৎসাহিত করতে এবং স্বাস্থ্যকর জীবনধারায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে খুলনায় একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় এবং খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘‘হেলদি সিটিস’’ প্রকল্পের আওতায় এই র্যালির আয়োজন করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রোটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। তিনি নগরবাসীকে সুস্বাস্থ্য নিশ্চিত করতে শারীরিক পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে এটিকে একটি স্বাস্থ্যকর শহর তৈরির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
সাইকেল র্যালিটি সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো কাস্টমঘাট, রূপসা চৌরাস্তা, পিটিআই, রয়্যাল, ময়লাপোতা, নিরালা, শিববাড়ি, পিকচার প্যালেস প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউসের সামনে এসে শেষ হয়।
র্যালিতে কেসিসি কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ নাগরিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইএইচ