মো. নুরুল আমিন, খুলনা
নভেম্বর ১০, ২০২৫, ০৭:৪০ পিএম
ছাত্র-ছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করার জন্য কেএমপি’র পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে ‘রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হচ্ছে।
ছাত্র-ছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং নিরাপদে বাসায় ফিরতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস এই ভিডিওতে দেখানো হয়েছে।
কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবনরক্ষাকারী বিষয়ে আলোচনা করেন।
রাস্তা ব্যবহারের জরুরি টিপস সম্পর্কে অবহিত করার পাশাপাশি কেএমপির টিম মানবপাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।
হাবিব লাইলী মাদ্রাসায় কেএমপি টিমের নেতৃত্ব দেন পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ। খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।
ইএইচ