ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫, ০৪:৩৮ পিএম
আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেনকে (৬৭) সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল জানান, ফারুক হোসেন বা ‘বোম ফারুক’ লকডাউন ষড়যন্ত্রের অন্যতম পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা।
পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেছেন যে, কর্মসূচি সফল করার জন্য ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) তাকে ৫ লক্ষ টাকা প্রদান করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাসহ মোট ৬টি মামলা রুজু আছে।
ফারুক হোসেনের বাম হাতের মধ্যমা আঙুল বোমা বিস্ফোরণে বিচ্ছিন্ন হওয়ায় তিনি ‘বোমা ফারুক’ নামে পরিচিত। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করে আসছিলেন।
ইএইচ