বরগুনা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫, ০৪:৩২ পিএম
চির নিদ্রায় শায়িত হয়েছেন বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের গণমানুষের নেতা, সাবেক দুইবারের জাতীয় সংসদ সদস্য, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মতিয়ার রহমান তালুকদার।
বৃহস্পতিবার তিন দফা জানাযা নামাজ শেষে তার মরদেহ তারিকাটা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
জানা গেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম আলহাজ্ব মো. আফতাব উদ্দিন তালুকদার। তিনি ১৯ ভাইবোনের মধ্যে নবম ছিলেন। স্কুল জীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন এবং ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনীতির হাতেখড়ি লাভ করেন।
১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ই তিনি বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেন এবং শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাড়ে তিন হাজার ভোটে হেরে যান। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন এবং ওই আসন থেকে উপ-নির্বাচনে জয়লাভ করেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সোমবার রাতের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার তার মরদেহ হেলিকপ্টারে তালতলী সরকারী হাই স্কুল মাঠে আনা হয়। সেখানে অন্তত দশ হাজার মানুষের উপস্থিতিতে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ আমতলী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। আমতলী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা এবং বিকেলে তারিকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক মাষ্টার, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির ও সদস্য সচিব তুহিন মৃধা।
জানাযায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানায়।
ইএইচ