সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)
নভেম্বর ২৬, ২০২৫, ০৪:০৯ পিএম
বরগুনার পাথরঘাটা সমাজসেবা অধিদপ্তরের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার।
এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২২ হাজার ভাতাভোগী প্রতিষ্ঠানটির সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবায় ৪০ শতাংশ বিশেষ ছাড় পাবেন। এর ফলে সুবিধাভোগীরা সহজে ও কম খরচে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
বুধবার বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা হররুমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার।
বিশেষ অতিথি ছিলেন ডা. নীল রতন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এবং জনাব মো. মহসিন হোসাইন, সমাজসেবা কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর, পাথরঘাটা, বরগুনা।
এ সময় বক্তারা বলেন, এ উদ্যোগ পাথরঘাটার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ। আধুনিক ও মানসম্মত চিকিৎসা সুবিধা সুলভ মূল্যে পাওয়ার ফলে মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পাথরঘাটার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সুলভ মূল্যে আধুনিক, মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে যা স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত খুলে দেবে।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবা অধিদপ্তর, পাথরঘাটা। আর আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করেছে এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার। পাশাপাশি সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর, পাথরঘাটা।
এই উদ্যোগের মাধ্যমে পাথরঘাটার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সুলভ মূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচ