ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫, ০৭:২৯ পিএম
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের এক কর্মচারীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম শরীফুল ইসলাম লাবলু। তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় শরীফুল ইসলাম লাবলুকে আটক করে। পরের ডোপ টেস্টের মাধ্যমে সেটা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুর রহমান জানান, গোল্ডেন লাইন পরিবহনের কর্মচারী মো. শরীফুল ইসলাম লাবলু নামক এক ব্যক্তিকে আটক করে তাকে ডোপ-টেস্ট করা হলে ডোপ-টেস্টে গাঁজা পজিটিভ আসে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ইএইচ