মিরাজ আহমেদ, মাগুরা
ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:৪৩ পিএম
মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসাহ-উদ্দীপনার ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এমবি বাকের।
তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় দলীয় অবস্থান তুলে ধরেন। এমবি বাকের বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। শান্তিপূর্ণ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। তার বক্তব্যে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সেক্রেটারি জুবায়ের হুসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাগুরা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, যুব বিভাগের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম এবং জামায়াতে ইসলামী শালিখা উপজেলার আমীর অধ্যাপক আফসার আলী।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বৈঠকে অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গঠন, জনগণের কল্যাণে কাজ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, উঠান বৈঠকে জামায়াত প্রার্থী এমবি বাকেরের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিশেষভাবে দৃশ্যমান ছিল।
ইএইচ