ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৪০ পিএম
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল নিজস্ব উদ্যোগে তার সব ধরনের নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করেছেন।
শুক্রবার বিকেল থেকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকা থেকে এ কার্যক্রম শুরু করেন।
জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন।
এ সময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার বিকেলে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল নেতাকর্মী-সমর্থকদের নিয়ে তার নির্বাচনী ব্যানার-পোস্টার, ফেস্টুন নিজের হাতে খুলে অপসারণের কার্যক্রম শুরু করেন।
ওই এলাকার বাসিন্দা, মো. মাসুদুর রহমান বলেন, "তিনি অনেক আগের থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি ব্যক্তিগতভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিজে হাতে তার নির্বাচনী ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরিয়ে ফেলেছেন এবং পর্যায়ক্রমে নির্বাচনী এলাকার সকল স্থান থেকে অপসারণ করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকে এ উদ্যোগকে নির্বাচন কমিশনের বিধিবিধান মানার একটি সচেতন দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেছেন।"
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, "নির্বাচন কমিশনের প্রতি যথাযথ সম্মান রেখে তাদের নির্দেশনা মানতেই আমি আমার সব নির্বাচনী ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরিয়ে ফেলেছি। পরিবেশ দূষণ ঠেকাতে এবং জনগণের সামনে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে আমি সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি।"
এ সময় অন্যান্যের মধ্যে মো. মাসুম, মো. সাজ্জাদ, জুনায়েদ শেখসহ বেশ কয়েকজন নেতাকর্মী-সমর্থকরা এ কাজে অংশ নেন।
ইএইচ