বরিশাল ব্যুরো
ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৫২ পিএম
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার তীব্র প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি।
শনিবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বরিশাল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।
এতে বরিশাল জেলা ও মহানগর বিএনপি ছাড়াও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জেএইচআর