আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:০৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এই ব্যবসায়ী নিখোঁজ হওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
নিখোঁজ কামরুল ইসলাম মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা এবং হায়দার আলীর ছেলে। তার ছেলে তামিম ইসলাম এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এনসিপি নেতা তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর কামরুল ইসলাম হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তিনি কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের ব্লেজার পরিহিত ছিলেন। ঘটনার পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
জেএইচআর
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত অপহরণের মতো কোনো সুনির্দিষ্ট লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেএইচআর