ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫, ০১:৩৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের একটি ব্যতিক্রমী প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
রোববার রাতে চরভদ্রাসন উপজেলার আমলের ব্রীজ এলাকায় প্রচারণার ফাঁকে নিজ হাতে ঝালমুড়ি মেখে স্থানীয় ভোটারদের খাইয়েছেন তিনি। একজন সংসদ সদস্য প্রার্থীর এমন সাদামাটা আচরণে মুগ্ধতা প্রকাশ করেছেন ওই এলাকার সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে লিফলেট বিতরণকালে বিরতি নিতে মুজাহিদ বেগ স্থানীয় ‘মেসার্স খান এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানে বসেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি নিজেই মুড়ি মাখানোর উদ্যোগ নেন এবং বড় একটি গামলায় ঝালমুড়ি তৈরি করে উপস্থিত সবার মাঝে বিতরণ করেন। দোকানের মালিক মো. কামরুল হাসান বলেন, "আমাদের আসনের একজন প্রার্থী এভাবে আমাদের সাথে মিশবেন এবং নিজ হাতে খাইয়ে দেবেন, এটা আগে কখনও দেখিনি। আমরা এতে অনেক আনন্দিত।"
এ বিষয়ে স্থপতি মুজাহিদ বেগ বলেন, "চরভদ্রাসনে আমার জন্ম, এখানকার মানুষ আমার আত্মার আত্মীয়। এটি কোনো পূর্বপরিকল্পিত প্রচারণা ছিল না; বরং নিজের মানুষদের মাঝে বসে স্বতঃস্ফূর্তভাবেই ঝালমুড়ি মাখানোর বিষয়টি ঘটেছে। জনপ্রতিনিধি হওয়ার আগে মানুষের মনের কাছাকাছি পৌঁছানোই আমার মূল লক্ষ্য।"
উল্লেখ্য, ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই মুজাহিদ বেগ নিয়মিত জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার এমন জনঘনিষ্ঠ কর্মকাণ্ড নির্বাচনী এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচ