টাঙ্গাইল প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:৫২ পিএম
টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বর্ণিল সাজ আর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’।
বুধবার রাত থেকেই গির্জা ও বাড়িঘরগুলো আলোকসজ্জায় সাজানো হয়েছে, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।
উৎসবের শুরুতে বুধবার রাতে মধুপুর গড়ের জলছত্র খ্রিষ্ট দেহ ধর্মপল্লী, পীরগাছা সেন্টপৌল ধর্মপল্লী এবং উত্তর মমিনপুরসহ বিভিন্ন গির্জায় কেক কাটা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ বাড়ি বাড়ি গিয়ে বড়দিনের ঐতিহ্যবাহী কীর্তন পরিবেশন করেন। বৃহস্পতিবার সকালেও জলছত্র চার্চে বিশেষ প্রার্থনায় যোগ দেন হাজারো ধর্মপ্রাণ মানুষ।
মধুপুরের জলছত্র, পীরগাছা, মমিনপুর, ইদিলপুর ও ধরাটিসহ বিভিন্ন পাহাড়ি গ্রামে ঘরে ঘরে চলছে পিঠা উৎসব। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে আনন্দ ভাগ করে নিতে মেতেছেন সবাই। উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপাসনালয় ও গ্রামগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মধুপুরের প্রতিটি খ্রিষ্টান পল্লী এখন উৎসবে মুখর। ছোট-বড় সবার মাঝেই বিরাজ করছে বাঁধভাঙা আনন্দ।
ইএইচ