মশিউর রহমান বাবলু, পটুয়াখালী
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৩৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেনের কার্যালয়ে পটুয়াখালী-১ আসনের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
পটুয়াখালী-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র-বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী নিজেই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটনসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি নিজ বাসভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
অন্যদিকে, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে উপজেলা বিএনপি কার্যালয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা জানান। পটুয়াখালীর এই দুই আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ইএইচ