ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:৩৫ পিএম
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কবিরুল ইসলাম সিদ্দিকী পুনরায় সভাপতি এবং মাহাবুব হোসেন পিয়াল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রোববার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে বিজয়ী ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ে ‘কবির-পিয়াল-শিপন পরিষদ’ ছাড়া অন্য কোনো প্যানেল বা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে নির্বাচনী তফশিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে ১৮টি পদের সব কটিতেই এই পরিষদের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি শেখ মনির হোসেন (গাজী টিভি), নুরুল ইসলাম আঞ্জু (দিনকাল) ও আশরাফুজ্জামান দুলাল (সংগ্রাম)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান শিপন (এখন টেলিভিশন) এবং অর্থ সম্পাদক পদে শাহাদাত হোসেন তিতু (চ্যানেল আই) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিভাষ দত্ত, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মুইজ্জুর রহমান খান এবং ক্রীড়া সম্পাদক শ্রাবন হাসান।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মানিক দাস, বিকে সিকদার সজল, রুহুল আমীন, এস.এম রুবেল, এস এম জাহিদ ও এন কে বি নয়ন নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম জানান, প্রতিদ্বন্দ্বী না থাকায় তফশিল মোতাবেক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর ফরিদপুর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।
ইএইচ