সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৩৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার তিনি সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের নিকট উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, “আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় ১৯৭৩ সালে আমার বাবা এ আসনে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন; আজ ২০২৬ সালে এসে ধানের শীষের গণজোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি নির্বাচন করছি।”
শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সাথে বলেন, “মরে না গেলে লড়ে যাব।”
উল্লেখ্য, এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তার প্রত্যাশিত এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন। বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী এস এন তরুণ দেসহ এখন পর্যন্ত মোট ৮ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইএইচ