ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ)
জানুয়ারি ১, ২০২৬, ০৫:৩২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি মাদ্রাসার সুপারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলী (৪৫)–কে এ জরিমানা করা হয়।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার শ্রেণি কক্ষে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মশালা নারী সদস্যদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে কার্যক্রম চলছে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচ