গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জানুয়ারি ১, ২০২৬, ০৬:২৮ পিএম
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের জামায়াতের কর্মী মোঃ রোমান মিয়া (২৫) কে আওয়ামী লীগ কর্মী বানিয়ে গ্রেপ্তার করেছে খালিয়াজুরী থানা পুলিশ। রোমান পাঁচহাট গ্রামের সাহেব আলীর ছেলে।
বুধবার সন্ধ্যার দিকে পাঁচহাট বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ মেডিকেল হল’ (ফার্মেসী) থেকে রোমানকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের কাছে প্রেরিত প্রেস রিলিজের মাধ্যমে (১ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার প্রচার সম্পাদক জহিরুল ইসলাম।
তিনি জানান, রোমান ২০২৪ সালের ৯ ডিসেম্বরে জামায়াতে যোগদান করেন। অথচ তাকে ২০২৫ সালের জুলাই মাসের ২ তারিখের আওয়ামী লীগের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই মামলায় তার নাম না থাকলেও কেবলমাত্র জাতীয় সংসদ নির্বাচনে সে জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নির্বাচনের আগে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে বিশেষ একটি দলের পক্ষে সুবিধা করে দেওয়ার লক্ষ্যেই এই গ্রেপ্তার অভিযান বলে আমরা মনে করি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরও জামায়াতের কর্মীদের এভাবে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও জানান, এভাবে জামায়াতের কর্মীদেরকে আওয়ামী লীগের কর্মী বানিয়ে গ্রেপ্তার করা থেকে বিরত থাকার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান করা হয়। প্রশাসন নিরপেক্ষ না থাকলে আগামী নির্বাচন ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনের মতোই প্রশ্নবিদ্ধ হবে এবং পুলিশসহ প্রশাসন তাদের গ্রহণযোগ্যতা হারাবে।
এ ব্যাপারে জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫ সালের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইএইচ