এস এম জহিরুল ইসলাম, গাজীপুর
জানুয়ারি ৩, ২০২৬, ০৭:২৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। আসনভিত্তিক বাতিলের তালিকা নিচে তুলে ধরা হলো:
গাজীপুর-১ (কালিয়াকৈর): এই আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যথাযথ কাগজপত্র দাখিল না করায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম এবং গণফ্রন্টের মো. আতিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
গাজীপুর-২ (সদর-টঙ্গী): জেলায় সবচেয়ে বেশি ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এই আসনে।
১ শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মো. আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে।
হলফনামায় সঠিক তথ্য না থাকায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খানের মনোনয়ন বাতিল হয়।
যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির ইসরাফিল মিয়ার মনোনয়ন বাতিল হয়েছে।
স্বাক্ষর ও তথ্যগত ত্রুটির কারণে শরিফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল বলে গণ্য করা হয়।
গাজীপুর-৩ (শ্রীপুর): এই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মূলত কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুর-৪ (কাপাসিয়া): ৯ জন প্রার্থীর মধ্যে এই আসনে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহর মনোনয়ন বাতিল হয়।
জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল না করা ও দলীয় অঙ্গীকারনামা না থাকায় আমজনতা দলের মো. জাকির হোসেন এবং ইসলামী আন্দোলনের মো. কাজিম উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়।
আয়কর ও ভোটারের স্বাক্ষরে ঘাটতির কারণে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
গাজীপুর-৫ (কালীগঞ্জ): ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফরম সঠিকভাবে পূরণ না করায় জাতীয় পার্টির ডা. শফিউদ্দিন সরকার এবং প্রস্তাবকারীর ভোটার আইডি কার্ডের তথ্য ভুল থাকায় বাংলাদেশ খেলাফতে মজলিসের গাজী রুহুল আমীন কাসেমীর মনোনয়ন বাতিল হয়।
রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। কেউ অমান্য করলে বা প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর