মো. মহসিন তালুকদার, মাদারীপুর
জুলাই ১৮, ২০২৬, ১১:১৩ এএম
মাদারীপুরের ডাসার উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে প্রান্তিক কৃষকদের সরকারি সেবার আওতায় আনতে এ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা। রাজনৈতিক প্রতিপক্ষের নানা সমালোচনা সত্ত্বেও প্রধানমন্ত্রী এ উদ্যোগ বাস্তবায়নে অটল থেকেছেন। সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে।
এমপি খোকন তালুকদার সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, কৃষক কার্ড যেন প্রকৃত কৃষকদের কাছেই পৌঁছে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো প্রকৃত কৃষক যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা কৃষি কর্মকর্তা সুদ্বিপ বিশ্বাস এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং প্রান্তিক কৃষকদের এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
এএন