ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬, ০৬:১২ পিএম
ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার। এ সময় তিনি নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন পুলিশ সুপার।
এ ছাড়াও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও মাদক নির্মূলসহ সকল কর্মকাণ্ডে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় পুলিশের সকল ইতিবাচক কাজে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী।
সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) খুরশেদ আলম, ডিআইও-১ মোশাররফ হোসেনসহ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ