জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ
জানুয়ারি ৯, ২০২৬, ০৭:২৯ পিএম
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ ৫৫ বছরে আন্দোলন করেও সুফল পায়নি। এই সুফল আদায়ের জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিল এদেশের ছাত্র সমাজ। তারপরও এই গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে এগারোটায় সদর উপজেলা অডিটোরিয়াম কক্ষে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট-২০২৬’ উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে অতিরিক্ত সচিব মোজাম্মেল হক এসব কথা বলেন।
এ সময় সচিব আরও বলেন, “আগামী নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে। এই নির্বাচন এমন একটি নির্বাচন হবে যা একশ বছর পরও মানুষ মনে রাখবে। এই নির্বাচনের মাধ্যমে মানুষের জন্য একটি নতুন সংবিধান সৃষ্টি হবে। সংবিধান সৃষ্টি হলে এর সুফল যুগ যুগ ধরে এদেশের মানুষ ভোগ করবে।”
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন ও উপজেলা ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত।
ইএইচ