আব্দুল মজিদ, নাটোর
জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৩০ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সকল চিন্তার মানুষের রাজনীতি করার অধিকার নিশ্চিত করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন।”
তিনি বলেন, “১৯৭১ সালে জাতির চরম ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই দেশের লক্ষ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।”
সোমবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, “শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন। চারটি বাদে সব পত্রিকা বন্ধ করে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই অবস্থা পরিবর্তন করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন, সকল পত্রিকা পুনরায় চালু করেন এবং মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেন।”
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার। এ ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে জাতি কখনো ভুলবে না। একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সদস্য সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি।
এ ছাড়া উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন খান, আহ্বায়ক কমিটির সদস্য রূপচানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইএইচ