জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি)
জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৫১ পিএম
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জোন সদর দপ্তরে সামরিক-বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
নিরাপত্তা ও স্থিতিশীলতায় জোর মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান, পিএসসির সভাপতিত্বে সভায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জোন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিক ও জনপ্রতিনিধিদের সচেতনতা জরুরি। আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচীকে সামনে রেখে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উপস্থিত ব্যক্তিবর্গ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের মেজর গাফফারজ্জামান, পিএসসি, গুইমারা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী হাসান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও মো. সহিদুল ইসলাম সুমন।
এছাড়াও সভায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক নুর আলম এবং স্থানীয় হেডম্যান ও বাজার ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।
সমন্বিত প্রচেষ্টার আহ্বান সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দুর্গম পাহাড়ি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
জেএইচআর