আব্দুল মজিদ, নাটোর
জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:৪৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাটোরের জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক বা জাতীয় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যদি কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তবে নাটোরের জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।
মঙ্গলবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের বাবনগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে চক্রান্তের আশঙ্কা নির্বাচনী পথসভায় দুলু অতীতের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “২০০৮ সালে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে নাটোরের জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। ২০১৮ সালে তো নির্বাচনই হয়নি। ঠিক একই কায়দায় যদি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো চক্রান্ত করে কেউ ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।” তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাওয়া যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এসব মোকাবিলায় জনগণই হবে মূল শক্তি।
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অ্যাডভোকেট দুলু বলেন, বিএনপির রাজনীতি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি। বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছে। নাটোরের মানুষ অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতেও রুখে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীদের উপস্থিতি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নির্বাচনী উত্তাপ নাটোর-২ আসনে বিএনপির প্রচারণা ঘিরে ইতোমধ্যে ব্যাপক নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। পথসভা, গণসংযোগ ও গ্রামভিত্তিক প্রচারণায় সরব রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতায় এই আসনটিতে এবার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
জেএইচআর