জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ
জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:১২ পিএম
মানবসেবায় বিশেষ অবদান রাখায় আধ্যাত্মিক সাধক মার্শাল কামালকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় চাষাড়াস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে সামাজিক সংগঠন কলেজ লাইফের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ লাইফের সভাপতি সাংবাদিক শহিদুল্লাহ রাসেল।
আলোচনা সভায় মার্শাল কামাল জানান, আমি নারায়ণগঞ্জেরই ছেলে। এখানকার মাটিতেই আমি বড় হয়েছি। আমি মার্শাল আর্টের সাথে সম্পৃক্ত। আপনারা জানেন যারা মার্শাল আর্ট বা এ ধরনের কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকে তারা মেডিটেশন নিয়মিত করেন।
এ সময় কামাল আরও জানান, ১৯৯২ সালে যখন আমি সিলেটে বসবাস করি তখন থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আমি স্বপ্ন দেখতে থাকি। ২০০৮ সালে আমি স্বপ্নের মাধ্যমে দেখি ঐ সময়ের বিরোধী দলীয় নেত্রী আমাকে নিয়ে সেনাকুঞ্জে গিয়েছেন এবং ওনার সাথে এসএসএফ ফোর্স রয়েছে। ২০১৩ সালে স্বপ্নে দেখি তিনি আমার বাসায় গার্ডসহ উপস্থিত হয়েছেন দুপুরে খাওয়ার জন্য। ২০১৮ সালের দিকে স্বপ্নে দেখি তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। তিনি বললেন আমার কাছ থেকে দোয়া নিবেন কারণ পরবর্তী সরকার তিনি গঠন করবেন।
২০২৩ সালে আশ্চর্য একটি স্বপ্ন দেখলাম। শেখ হাসিনা খালি পায়ে একটা সাদা শাড়ি পড়ে চিকন ও সরু রাস্তা দিয়ে হাঁটছেন। আমাকে দেখে বললেন, ভাই আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। এ বিষয়টি আমার কাছের কিছু বন্ধুর সাথে আলোচনা করেছি কিন্তু তারা সেটা প্রচার করতে চায় নি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আমেরিকার নির্বাচনে আমি কমলা হ্যারিসের জয় আশা করেছিলাম। কিন্তু ২৪ অক্টোবর রাতে স্বপ্ন দেখলাম তিনি আমার সাথে দেখা করতে এসেছেন এবং আমাকে অনেক কিছু কেনাকাটা করে দিয়েছেন। ২০২৪ সালে ৭/৮ নভেম্বর তারেক রহমান আমার বাসায় এসেছেন। তিনি খুব হাসি-খুশি ছিলেন এবং পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন। তাই আমার কাছে মনে হলো ২০২৬ সালে তিনি প্রধানমন্ত্রী হবেন।
এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে আমেরিকা প্রবাসী ও সিলেট জেলা বিএনপির সাবেক নেতা ওমর আশরাফ ইমনকে বলেছিলাম, বেগম খালেদা জিয়া এবারের নির্বাচন দেখে যেতে পারবেন না। তিনি ডিসেম্বর মাসের ৩০ তারিখ মৃত্যুবরণ করেন। তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ। আমার স্বপ্নে দেখা ভবিষ্যৎ বাণী নিশ্চিত নাও হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, নাট্যকার মুজিবুল হক পলাশ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, দৈনিক অপরাধ দমন পত্রিকার ফটো সাংবাদিক সেলিম আহমেদ, শাহিন আহমেদ, সাংবাদিক দয়াল মাসুদ, সাংবাদিক গাফফার লিটন, ইমাম হাসান, জান্নাতুল তুলি এবং দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
ইএইচ