সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)
জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:০৮ পিএম
আওয়ামী লীগে থেকে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেনি, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
বুধবার বিকাল পৌনে ৬টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে সেইসব আওয়ামী লীগ নেতাদের বাদ দিয়ে, যারা সাধারণভাবে আওয়ামী লীগ করেছে, কোনো মানুষের ক্ষতি করেনি, তাদের জন্য বিএনপির দরজা খোলা। সভায় তিনি সকল ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
নুরুল ইসলাম মনি বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। সভায় কালমেঘা ইউনিয়নের কয়েক হাজার ভোটার এবং পাথরঘাটা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ