ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

‘নতুন নাটোর–নতুন আশা’ দুলুর ইশতেহারে উন্নয়ন, কর্মসংস্থান ও মানবিক নিরাপত্তার রূপরেখা

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:৩৭ পিএম

‘নতুন নাটোর–নতুন আশা’ দুলুর ইশতেহারে উন্নয়ন, কর্মসংস্থান ও মানবিক নিরাপত্তার রূপরেখা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী ইশতেহারে একটি মানবিক, কর্মসংস্থানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর উন্নত নাটোর গড়ার রূপরেখা তুলে ধরেছেন। 

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, ‘আমি মনে করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব। আগামীর নাটোর হবে শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও উন্নয়নের রোল মডেল।’

দুলু তার ইশতেহারে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সম্মান সমুন্নত রেখে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে। আহত জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের উন্নত চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।’ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়েও তিনি অঙ্গীকার করেন। 

দুলুর ভাষায়, ‘গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নবম ওয়েজ বোর্ড পূর্ণ বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের জন্য সংসদে বিল আনব।’

ইশতেহারের মূল স্তম্ভ হিসেবে কর্মসংস্থানের কথা তুলে ধরে দুলু বলেন, ‘আপনাদের সেবার সুযোগ পেলে আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হবে কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা।’ 

তিনি জানান, নাটোরে গ্যাস সংযোগ নিশ্চিত করে দেশি-বিদেশি শিল্পকারখানা স্থাপনে বিনিয়োগ আকর্ষণ করা হবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও অনলাইন ব্যবসায় বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা মেলা ও চাকরি মেলার আয়োজনের ঘোষণাও দেন তিনি।

নাটোরকে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দুলু বলেন, ‘উত্তরের শস্যভান্ডার নাটোরে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। আধুনিক হিমাগার, মৎস্য চাষে প্রযুক্তি ব্যবহার এবং কৃষিপণ্য রপ্তানির জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা করা হবে।’ চলনবিল ও হালতিবিলের দেশীয় মাছ সংরক্ষণ, আখ ও খেজুরের গুড়ের ঐতিহ্যবাহী বাজার রক্ষা এবং পান চাষ সম্প্রসারণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় স্বপ্নের কথা জানিয়ে দুলু বলেন, ‘নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।’ 

তিনি নাটোর সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ন ইউনিট ও ট্রমা সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে ‘গ্রিন নাটোর ও ক্লিন নাটোর’ গড়ার কথাও বলেন তিনি।

দুলুর ভাষায়, ‘আগামীর নাটোর হবে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত শান্তিপূর্ণ জনপদ।’ নারী ও শিশু নিরাপত্তা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা, মাদক নিরাময় কেন্দ্র এবং সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।

 ইশতেহারের শেষাংশে দুলু বলেন, ‘কারো নেতৃত্ব চিরস্থায়ী নয়। দেশপ্রেমিক, সৎ, দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়াই আমার লক্ষ্য। নতুন নাটোর–নতুন আশা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

ইএইচ

Link copied!