সন্দ্বীপ প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:০৭ পিএম
অপারেশন ডেভিল হান্টের ফেজ-২-এর অংশ হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত একটার দিকে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপের একটি আভিযানিক দল সন্দ্বীপ থানাধীন বুদ্দার পুকুর সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করা হয়।
জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ