মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:২০ পিএম
রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পঞ্চগড়ে নির্বাচনকালীন পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনভর জেলার দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এ মহড়া চলে।
রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি প্রতিক্রিয়া প্রদর্শনের কৌশল অনুশীলন করে। বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এ অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।
মহড়ার অন্যতম আকর্ষণ ছিল হেলিবোর্ন অপারেশন। এতে সেনাসদস্যরা নির্দিষ্ট এলাকায় হেলিকপ্টার থেকে দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন। একই সাথে সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সাথে কার্যকর সমন্বয়ের বিষয়গুলোও অনুশীলন করা হয়।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত। সেনাবাহিনীর এ প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনকালীন সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যাশা করছেন।
ইএইচ