মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৫১ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সুরমা চা বাগানে এক জনসভায় চা শ্রমিকদের অধিকার ও কল্যাণে আজীবন পাশে থাকার অঙ্গীকার করেছেন হবিগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল।
তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে সংসদে গিয়ে প্রথমেই চা শ্রমিকদের সুখ-দুঃখ ও দাবি তুলে ধরব।’
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনের নির্বাচনী প্রেক্ষাপটে চা শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। জনসভায় দেওয়া এ অঙ্গীকার মূলত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার একটি প্রতিশ্রুতি। বিশেষ করে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভূমি অধিকার নিশ্চিত করা, উন্নত স্বাস্থ্যসেবা এবং সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়সল আরও বলেন, বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে দৈনিক মজুরি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। এ ছাড়া বংশপরম্পরায় বাগানে বসবাস করা শ্রমিকদের ভূমির স্থায়ী বন্দোবস্তের দাবি এবং অবসরের পর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করার কথা জানান তিনি।
জনসভায় উপস্থিত চা শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ ফয়সলের পুত্র।
তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত চাহিদা নেই। আপনাদের জন্যই আমার বাবা রাজনীতি করেন। তিনি সংসদে গেলে আপনাদের ভাগ্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ।’
ইএইচ