মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১৬ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। এ আসনে মোট ১৬৬টি ভোটকেন্দ্রের ৭৭৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রশাসন ২৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং সেসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর ও মহেশপুর এই দুই উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৭০ জন, নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। মহেশপুর উপজেলায় রয়েছে ১১২টি কেন্দ্র এবং কোটচাঁদপুরে ৫৪টি কেন্দ্র।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, উপজেলায় ১৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার জানান, মহেশপুরে ১১২টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় এসব কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে। সব কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
যেসব কেন্দ্রে স্থায়ী বাউন্ডারি প্রাচীর নেই, সেখানে তারকাঁটা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেট টহল, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এএন