তারেক পাঠান (পলাশ) নরসিংদী
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:২৫ পিএম
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নরসিংদী-২ (পলাশ) আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে পলাশ উপজেলা পরিষদের হলরুম থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন। নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনে মোট ৯১টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে। ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটাররা আগামীকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৪০ হাজার ৯৭৮ জন। এ ছাড়া এই এলাকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। মোট ৯১টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা মাঠে কাজ করছেন। এ ছাড়া নির্বাচনী অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেএইচআর