বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:৫০ পিএম
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন সাথে নির্বাচন লড়াইয়ে হেরে গিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী করে পরাজিত হওয়া ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠেছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।
তিনি বলেন, আমরা চাই বাংলাদেশটা বদলে যাক, তারেক রহমানকে আহ্বান করছি, যে ৩১ দফার উপরে ভিত্তি করে বাংলাদেশকে বদলাবেন বলে যে ওয়াদা করেছেন, সেটা আমরা কাগজ কলমে নয়, বাস্তবে দেখতে চাই। আপনার দলের গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের, ক্রিমিনাল গ্যাংকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে”। “চর দখলেরর নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪ এর অভ্যুত্থান ভুলে যাবেন না”
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল-৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানি হয়েছে বলে অভিযোগ করে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফুয়াদ আরো বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিলো তা পূরণে ব্যর্থ হয়েছেন তারা। নির্বাচনে প্রশাসন লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি।” তিনি বলেন, “৫৫ বছর পরে এসেও রামদা, চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবে না।”
সর্বশেষে তিনি তারেক রহমান কে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই নেতা কর্মী দিয়ে বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না তিনি। আর বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয় বাস্তবে দেখতে চাই জনগণ বলে জানান ফুয়াদ।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বী, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, আহ্বায়ক আইয়ুব নবী সহ অন্যান্যরা।
এএন