চাঁদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৪৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২৫ জন। নির্বাচনের বিধি অনুযায়ী কোনো সংসদীয় আসনে প্রার্থী বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে ১২ শতাংশ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
ফলাফল প্রকাশের পর দেখা যায়, ৩৫ প্রার্থীর মধ্যে ২৫ জন নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে পারেননি। এই তালিকায় একজন নারী প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও রয়েছেন। এমনও প্রার্থী আছেন যারা ১ হাজার ভোটও পাননি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ প্রার্থীর পাশাপাশি ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহও জামানত হারিয়েছেন। একসময় সরকারে থাকা প্রভাবশালী দল জাতীয় পার্টি ৪টি আসনে অংশ নিয়ে মাত্র ৩ হাজার ৭৪৬ ভোট পেয়েছে।
এ ছাড়া গণফোরাম তিনটি আসনে পেয়েছে ৮৭৬ ভোট। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যে জেলায় ভোটার ২৩ লাখ ৩১ হাজার ১৯৫ জন। এবারের নির্বাচনে ৫৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন থেকে নিশ্চিত করা হয়েছে।
এদিকে জামায়াতের সাথে জোটে যাওয়া নিয়ে দ্বন্দ্বে থাকা ইসলামী আন্দোলন ৪টি আসনে ৩৮ হাজার ৬৩০ ভোট পেয়েছে। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ৭ হাজার ১৫৪ ভোট।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ চাঁদপুর ৫ আসন থেকে ১৩ হাজার ১৭৮ ভোট পেয়েও জামানত হারিয়েছেন। অন্যদের মধ্যে জামানত হারিয়েছেন গণঅধিকার পরিষদের ৩ প্রার্থী মো. জাকির হোসেন, মো. এনায়েত হোসেন ও মো. গোলাপ হোসেন।
চাঁদপুর ১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন ১ লাখ ৩ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির হাবিব খান ও গণফোরামের মোহাম্মদ আজাদ হোসেনও রয়েছেন।
চাঁদপুর ২ আসনে বিএনপির মো. জালাল উদ্দিন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে জামানত হারিয়েছেন লেবার পার্টির নাসিমা নাজনিন সরকার এবং জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া।
চাঁদপুর ৩ আসনে বিএনপির শেখ ফরিদ আহমেদ ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন ও গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন জামানত হারিয়েছেন।
চাঁদপুর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে ইসলামী আন্দোলনের মকবুল হোসাইন ও জাতীয় পার্টির মাহমুদুর হাসান নির্ধারিত ভোট না পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁদপুর ৫ আসনে বিএনপির মো. মমিনুল হক ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাহমুদুল হাসান নয়নসহ ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থী এ এইচ এম আহসান উল্লাহ বলেন, দলীয় সংগঠন তৃণমূল পর্যায়ে দুর্বল থাকায় নির্বাচনে ভালো করা কঠিন। তাই সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সুশাসনের জন্য নাগরিক বা সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন বলেন, অনেকে নিজেকে পরিচিত করার জন্য নির্বাচনে প্রার্থী হন। আবার ছোট দলগুলো কেবল টিকে থাকার তাগিদে নির্বাচনে অংশ নেয়।
জেএইচআর