কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:৩৫ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক এলাকায় ইফতারের আগমুহূর্তে স্বামীর হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় আহত ছেনোয়ারা বেগমকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফরিদপুর জেলার বাসিন্দা হাবিবুর রহমানের সঙ্গে ছেনোয়ারা বেগমের বিয়ে হয়। ছেনোয়ারা কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা গ্রামের মৃত শকির আহমদের মেয়ে। তিনি চট্টগ্রামের সাগরিকা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
স্বজনরা জানান, বিয়ের কয়েক মাস পর হাবিবুর রহমান চাকরির উদ্দেশ্যে ঢাকায় চলে যান। এরপর থেকে ছেনোয়ারা কর্ণফুলীতে ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন। সম্প্রতি দাম্পত্য কলহের জেরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।
আহতের স্বজন তারেক হোসেন মুন্না বলেন, ইফতারের প্রস্তুতির সময় খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ছেনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ছেনোয়ারা স্বজনদের জানিয়েছেন, স্বামী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উল্লেখ করেন, আহত নারীর শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত হাবিবুর রহমান পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত স্বামীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জেএইচআর